Image description

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদ মিয়া পলাতক আছেন।

পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত ব্যক্তি সরাইল উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামের বাসিন্দা। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্রী।

শনিবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশী সহিদ মিয়া শিশুটিকে চিপস কিনে দেওয়ার লোভ দেখিয়ে দূরের একটি নির্জন স্থানে নিয়ে যান। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।

এ ঘটনা কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলারও হুমকি দেন অভিযুক্ত সহিদ। পরে অভিযুক্ত নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যান।

এক পর্যায়ে শিশুটি অসুস্থ বোধ করলে পরিবারকে বিষয়টি জানায় এবং পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করে।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার রতন কুমার ঢালী জানান, ভূক্তভোগী শিশুটির শারীরিক পরিক্ষা-নীরিক্ষার কার্যক্রম চলছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূইয়া বলেন, ‘৯৯৯ এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। ধর্ষণ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’