মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে (৩১ মে পর্যন্ত) ৩০ হাজার ৮০১ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২ হাজার ৩২৪ জনের বিরুদ্ধে ভিসার শর্ত ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (৯ জুন) মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে এই তথ্য জানান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার বরাত দিয়ে এই খবর জানায় মালায় মেইল।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক বিদেশি নাগরিকেরা যে উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন, তা অমান্য করে অন্যান্য কার্যকলাপে লিপ্ত ছিলেন। বৈধ অনুমতি ছাড়া ব্যবসা ও কর্মসংস্থান বা পাসের শর্ত লঙ্ঘনকারী বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাকারিয়া শাবান বলেন, দেশের জনশৃঙ্খলা রক্ষা, ইমিগ্রেশন ব্যবস্থার সততা এবং একটি ন্যায্য অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করতে ইমিগ্রেশন সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বিভাগটি প্রতিশ্রুতিবদ্ধ।
আইন প্রয়োগকারী কার্যক্রমকে আরো জোরদার করতে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ বেশ কিছু কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে একটি বিশেষ ‘এনফোর্সমেন্ট ইন্সপেক্টরেট’ (অভিযান পরিদপ্তর) গঠন, ঝুঁকিপূর্ণ বা অপরাধপ্রবণ এলাকাগুলোতে (হটস্পট) সুনির্দিষ্ট চিরুনি অভিযান এবং নিয়ম লঙ্ঘনকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথ অভিযান জোরদার করার পাশাপাশি এই অপরাধ দমনের বিষয়টিকে বিভাগের বার্ষিক মূল কর্মদক্ষতা সূচকের অন্তর্ভুক্ত করা হয়েছে।