বিশ্বকাপের উদ্দেশে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর সেনেগাল জাতীয় ফুটবল দলের সদস্যদের কঠোর নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হয়েছে বলে জানা গিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই দৃশ্য ধরা পড়ে।
আফ্রিকান ফুটবল সাংবাদিক মিকি জুনিয়র মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ ভিডিওটি শেয়ার করেন। ফুটেজে দেখা যায়, সেনেগালের জার্সি পরা কয়েকজন খেলোয়াড় বিমান থেকে নামার পরপরই বিমানবন্দরের টার্মাকে তাদের মালপত্রের পাশে দাঁড়িয়ে আছেন। টার্মিনালে প্রবেশের আগেই নিরাপত্তাকর্মীরা তাদের উপর কড়া পরীক্ষা-নিরীক্ষা চালান। একটি দৃশ্যে দেখা যায়, একজন খেলোয়াড় দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন এবং একজন কর্মী নিরাপত্তা ডিভাইস দিয়ে তার শরীর পরীক্ষা করছেন।
তল্লাশির ছবি এবং ভিডিওগুলো দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ফুটবল ভক্তদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দেয়। অনেকেই মার্কিন কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তারা বিশ্বের অন্যতম বৃহৎ একটি ক্রীড়া আসরে আগত অতিথি হিসেবে বিবেচনা না করে আন্তর্জাতিক ফুটবলারদের সাথে 'অপরাধীদের মতো' আচরণ করছেন।
এ ঘটনায় সেনেগালের ফুটবল কর্তৃপক্ষ, ফিফা কিংবা মার্কিন কর্তৃপক্ষ — কেউই এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
অন্যদিকে, উজবেকিস্তানের স্কোয়াডও নিউ ইয়র্কে তাদের অনুশীলন ভেন্যুতে পৌঁছানোর পর মাদক সনাক্তকারী কুকুর এবং মেটাল ডিটেক্টর পরীক্ষার মুখোমুখি হয়েছিল বলে জানা গিয়েছে।