ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে এবার একাই সেই পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এছাড়া ৮ জুন প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, তিনি নেতানিয়াহুকে বলেছিলেন, ‘বিবি, তোমাকে সতর্ক থাকতে হবে। নইলে খুব শিগ্গিরই তুমি একা হয়ে যাবে।’
আলোচনার বিষয়ে অবগত দুই মার্কিন কর্মকর্তা এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সর্বশেষ ফোনালাপটি আগের আলোচনার তুলনায় অনেক শান্ত ছিল। এর আগে এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে ‘অত্যন্ত পাগলাটে’ বলে মন্তব্য করেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে কয়েকদফায় পরস্পরের ওপর হামলার পর ইরান ও ইসরায়েল জানিয়েছে, আপাতত তারা পরস্পরের ওপর হামলা চালাবে না। তবে আবার হামলার শিকার হলে জোরালো জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। অন্যদিকে লেবানন বা হিজবুল্লাহর ওপর হামলা হলে আবারও ইসরায়েলে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান।