নয়াদিল্লি ও তেল আবিবের মধ্যে ক্রমবর্ধমান ইতিবাচক সম্পর্কের প্রেক্ষিতে ইসরায়েল দেশটিতে হিন্দু দেবতা ছত্রপতি শিবাজি মহারাজের একটি মূর্তি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে। গত সপ্তাহে শিব রাজ্যাভিষেক দিবস উপলক্ষে মুম্বাইয়ে নিযুক্ত ইসরায়েলের কনসাল জেনারেল (রাষ্ট্রদূত) ইয়ানিভ রেভাচ এই ঘোষণা দেন।
রেভাচ বলেছেন, এই প্রকল্পের মাধ্যমে ভারতীয়দের সঙ্গে ইসরায়েলিদের সাংস্কৃতিক সংযোগ স্থাপন করা হবে।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমরা পুরোপুরি বুঝি যে ছত্রপতি শিবাজি মহারাজের প্রভাব কী এবং ভারতের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ... আমাদের পরিকল্পনাটি হলো মহারাজের একটি বিশাল মূর্তি তৈরি করে ইসরায়েলে পাঠানো। এটি শুধু একটি সাধারণ প্রকল্প হবে না, বরং এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প হতে চলেছে। এবং এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় জনগণ ইসরায়েলি জনগণের সঙ্গেও সংযুক্ত হবে। আমরা এটিকে ইসরায়েলের কোনো একটি বড় শহরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি।’
সাক্ষাৎকারে রেভাচ জানিয়েছেন, পরিকল্পনাটি জন্য ইসরায়েল ঐতিহাসিক তথ্যসূত্র, শৈল্পিক পরামর্শ এবং নকশা সংক্রান্ত বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের কাছে সহযোগিতা চেয়েছে এবং তিনিও তা দিতে সম্মত হয়েছেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফড়নবীশ এই উদ্যোগে পূর্ণ সমর্থন দেওয়ার সদিচ্ছা প্রকাশ করেছেন। এক্স-এ একটি পোস্টে তিনি বলেছেন, ‘এটি একটি বিশাল খবর! শিব রাজ্যাভিষেক দিনের শুভ উপলক্ষে ইসরায়েলে ছত্রপতি শিবাজি মহারাজের একটি বিশাল মূর্তি স্থাপনের এই ঐতিহাসিক ঘোষণার জন্য ইসরায়েল সিজি ইয়ানিভ রেভাচকে আন্তরিক ধন্যবাদ। মহারাষ্ট্র সরকার এই ঐতিহাসিক উদ্যোগে সম্পূর্ণ সমর্থন জানাবে।’
সূত্র : এনডিটিভি