তুরস্ক একদিন ফিলিস্তিনে অবস্থিত পবিত্র নগরী জেরুজালেম মুক্ত করে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করবে বলে ঘোষণা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি।
শনিবার চোরুম প্রদেশে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এক সভায় ভাষণ দিতে গিয়ে চেপিক বলেছেন, ‘আমরা যেমন দামেস্ক ও আলেপ্পোর মুক্তি দেখেছি, তেমনি ইনশাআল্লাহ একদিন জেরুজালেমের মুক্তিও দেখব।’
তিনি আরও বলেছেন, ‘আমি আজও বিশ্বাস করি, আল্লাহ আমাদের সেই দিনগুলো দেখাবেন। তিনি অবশ্যই আমাদের তা দেখাবেন। আমি এটা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে এসেছি এবং এখনও করি। অতীতের মতোই, এই জায়গাগুলো আবারও আমাদের কাছে ফিরে আসবে। ইনশাআল্লাহ, এগুলো আমাদের শাসন ও কর্তৃত্বের অধীনে ফিরে আসবে, কারণ আমাদের নেতৃত্বে রিসেপ তাইয়েপ এরদোয়ানের মতো একজন বিশ্বনেতা আছেন। আমাদের একজন বিশ্বমানের নেতা আছেন।’
রবিবার এই মন্তব্যের জবাব দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ও কট্টর ইজরায়েল কাটজ।
তিনি বলেছেন, ‘আমি তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, যিনি জেরুজালেমকে শাসন করার হুমকি দেন ও স্বপ্ন দেখেন; জেরুজালেম কনস্টান্টিনোপল নয় এবং ক্রুসেডার সাম্রাজ্য নয়। এটি একটি শক্তিশালী ও দৃঢ়প্রতিজ্ঞ রাষ্ট্র, যা যেকোনো হুমকির বিরুদ্ধে নিজেকে রক্ষা করার সক্ষমতা প্রমাণ করেছে।’
তার দাবি, ‘জেরুজালেম ৩ হাজার বছর ধরে ইহুদি জনগণের রাজধানী ছিল এবং চিরকাল ইসরায়েলের রাজধানী থাকবে, অপরদিকে আপনি ও এরদোয়ান যে অটোমান সাম্রাজ্যের স্বপ্ন দেখেন তা ভেঙে পড়েছে এবং আর কখনো ফিরে আসবে না।’
কাটজ আরও বলেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে আপনারা মুস্তাফা কামাল আতাতুর্কের উত্তরাধিকার থেকে কিছুই শেখেননি, যিনি তুরস্ককে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে কাজ করেছিলেন। পরিবর্তে, আপনারা তুরস্ককে অন্ধকার ও পশ্চাৎপদতার যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।’
সূত্র: মিডল ইস্ট মনিটর