Image description

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর কোনো আস্থা নেই এবং এই দুই দেশের মধ্যে সত্যিকারের সদিচ্ছার অভাব রয়েছে। তিনি এ মন্তব্য নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় করেন।

গালিবাফ দাবি করেন, যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের কারণে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠার সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে। তার মতে, কাগজে-কলমে করা যুদ্ধবিরতি বাস্তবে বারবার ভেঙে পড়ায় তা কার্যত অকার্যকর হয়ে যাচ্ছে।

তিনি বলেন, ইরান কেবল যুদ্ধের পথ কিংবা শুধু আলোচনার পথ—কোনোটিই এককভাবে অনুসরণ করবে না। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে তারা প্রতিরোধও চালাবে এবং একইসঙ্গে কূটনৈতিক উদ্যোগও অব্যাহত রাখবে।

মোহাম্মদ বাঘের গালিবাফ আরও বলেন, ইরানের লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো এবং স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা, তবে প্রতিপক্ষের প্রতি আস্থার ঘাটতি রয়েছে।

যুক্তরাষ্ট্রের কথিত নৌ অবরোধের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, এই চাপকে ইরান কৌশলগতভাবে ব্যর্থ করে দিতে চায়।

তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, তেহরান একই সঙ্গে প্রতিরোধ ও কূটনীতি—দুই পথই খোলা রাখার নীতি অনুসরণ করবে, তবে বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া শুধু আলোচনার ওপর নির্ভর করা সম্ভব নয়।

শীর্ষনিউজ