Image description

হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি হয়েছে। সিক্রেট সার্ভিস এজেন্টদের লক্ষ্য করে গুলি চালানোর পর এক সন্দেহভাজন নিহত হয়েছে। এ সময় একজন পথচারী আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। এবিসি নিউজের সংবাদদাতা সেলিনা ওয়াং-এর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, তিনি আশ্রয় নেয়ার চেষ্টা করছেন। আর হোয়াইট হাউসের উত্তর লনের দিকে একের পর এক গুলির শব্দ শোনা যাচ্ছে। ঘটনার পর হোয়াইট হাউস লকডাউন করা হয়। পরে লকডাউন তুলে নেয়া হয়েছে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ সময় হোয়াইট হাউসেই ছিলেন। তবে সিক্রেট সার্ভিস জানিয়েছে, কোনো সুরক্ষিত ব্যক্তি বা নিরাপত্তা কার্যক্রম এতে প্রভাবিত হয়নি। ওয়াশিংটন ডিসি থেকে বিবিসি’র সাংবাদিক টম বেনেট বলেন, আমি কিছুক্ষণ আগে ওয়াশিংটন ডিসিতে ঘটনাস্থলে পৌঁছেছি। হোয়াইট হাউসের বাইরে অবস্থানরত সিক্রেট সার্ভিস সদস্যদের দিকে এক সশস্ত্র ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালানোর পর চার ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে। তবুও পুরো এলাকায় কড়া পুলিশি উপস্থিতি রয়েছে।

প্রেসিডেন্টের সরকারি বাসভবনের দিকে যাওয়ার সড়কগুলো বড় ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়। সড়কে পুলিশের অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। ব্যারিকেডের আশপাশে ডজনখানেক সাংবাদিক ও সংবাদকর্মী অবস্থান করছেন। সিবিএস জানিয়েছে, হোয়াইট হাউসের বাইরে গোলাগুলিতে নিহত সন্দেহভাজনের নাম ২১ বছর বয়সী নাসির বেস্ট। তদন্ত সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রটির দাবি, ২০২৫ সালের জুলাইয়ে হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করার পর নাসির বেস্টকে সিক্রেট সার্ভিস গ্রেপ্তার করে। পরে মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে তাকে একটি মনোরোগ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।

সিক্রেট সার্ভিস বিবৃতিতে বলেছে, শনিবার সন্ধ্যা ৬টার কিছু পর ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া এভিনিউ এলাকায় এক ব্যক্তি তার ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালানো শুরু করে। সিক্রেট সার্ভিস পুলিশ পাল্টা গুলি চালালে সন্দেহভাজন গুলিবিদ্ধ হয়। তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত ঘোষণা করা হয়। এ সময় একজন পথচারীও গুলিবিদ্ধ হন। কোনো কর্মকর্তা আহত হননি। প্রেসিডেন্ট তখন হোয়াইট হাউসে ছিলেন। তবে কোনো সুরক্ষিত ব্যক্তি বা নিরাপত্তা কার্যক্রম এতে প্রভাবিত হয়নি। ঘটনাটি এখনো তদন্তাধীন এবং নতুন তথ্য পাওয়া গেলে পরে জানানো হবে।