Image description

ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাহরাইনের একটি ফৌজদারি আদালত। এছাড়া পৃথক দুটি মামলায় আরও দুজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাহরাইনের সন্ত্রাসবিষয়ক অপরাধ প্রসিকিউশনের প্রধান জানিয়েছেন, অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের সঙ্গে যোগাযোগ রেখে দেশটির বিরুদ্ধে শত্রুতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ প্রমাণিত হয়েছে। খবর গালফ নিউজের।

তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাহরাইনের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল। তবে মামলার বিস্তারিত তথ্য বা অভিযুক্তদের পরিচয় প্রকাশ করা হয়নি।

 
 

এর আগে, ১২ মে দেশটির আদালত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সহযোগিতার অভিযোগে নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। এ ছাড়া আরও দুইজনকে একই অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার দিনার জরিমানা করা হয়েছিল সেসময়।