হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করেছে ইরান। বুধবার (১১ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরান ১০টিরও কম নৌ-মাইন স্থাপন করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, সক্ষমতা থাকা সত্ত্বেও ইরান এ জলপথে বৃহৎ পরিসরে মাইন স্থাপন করতে অনিচ্ছুক। কারণ, এর মাধ্যমে দেশটি সুদূরপ্রসারী রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতির শিকার হতে পারে। এ জন্য দেশটি খুব কম পরিমাণে নৌ-মাইন স্থাপন করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনীকে লক্ষ্য করে হামলা করেছে। ১০ মার্চ মার্কিন সেনারা ইরানের নৌশক্তিকে দুর্বল করতে ১৬টি ইরানি ‘মাইনলেয়ার জাহাজ’ (মাইন স্থাপন করতে ব্যবহৃত জাহাজ) ধ্বংস করেছে।
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার তাদের প্রতিবেদনে জানিয়েছে, বৃহৎ পরিসরে নৌ-মাইন স্থাপন করা হলে তা আন্তর্জাতিক সামুদ্রিক যান চলাচল ব্যাহত করবে। একইসঙ্গে এ ধরনের সামরিক পদক্ষেপ ইরানের জন্যও ক্ষতিকর।
এতে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নৌ-মাইন স্থাপন করলে চীনের সঙ্গে ইরানের রাজনৈতিক দ্বন্দ্ব বাড়বে। এর ফলে এ জলপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে বড় ধরনের ব্যাঘাত ঘটাবে। এছাড়া ইরানের মিত্র ইরাকের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তখন ইরানও ক্ষতিগ্রস্ত হবে, কারণ দেশটি ইরাকের তেলনির্ভর অর্থনীতির ওপর নির্ভর করে।