Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ‘অনির্বাচিত সরকারের দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার ইতিহাস আমাদের কাছে খুব সুখকর নয়। অতীতের ইতিহাসও খুব সুখকর নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা যায়, শুধু স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি বজায় রাখতে সক্ষম।’

আজ শনিবার বিকেলে চট্টগ্রামে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন সালাহ উদ্দিন আহমদ। এদিন বেলা তিনটায় নগরের কাজীর দেউড়ি এলাকায় একটি কনভেনশন সেন্টারে এ আয়জন করে চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘এখন বাজারে সরবরাহ ব্যবস্থা ঠিক নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই। অনির্বাচিত সরকার কত দিন থাকবে, সেটার ঠিক নেই। আপনারা কবে রোডম্যাপ দেবেন, তারও কোনো নির্দেশনা নেই। ভাসা-ভাসা সময়ের কথা বলছেন—এত সালের শেষে, অত সালের প্রথমে নির্বাচন হতে পারে, সেটাতে আমরা সন্তুষ্ট নই, এ দেশের জনগণ সন্তুষ্ট নয়।’

সালাহ উদ্দিন বলেন, ‘সংবিধান সংস্কার কমিশন যে উদ্দেশ্যে সাংবিধানিক একনায়কতন্ত্র বিলুপ্তির জন্য যে প্রস্তাব করেছে, তাকে সাধুবাদ জানানো যায়। তবে এমন প্রস্তাব আছে, যেগুলো জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নিষ্পত্তি হবে বলে আশা করি। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে খুব দ্রুত আলোচনার ব্যবস্থা করবেন বলে আশা করি। তবে এমন কোনো সংস্কার প্রস্তাব বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না, যেটি জাতিকে আরও সংকটের দিকে ফেলে দিতে পারে।’

চলতি বছরের জুলাই-আগস্ট মাসে নির্বাচন সম্ভব জানিয়ে সালাহ উদ্দিন আহমদ বলেন, সংস্কার কমিশন তাদের প্রতিবেদন ১৫ দিন পরে দিয়েছে, সমস্যা নেই। এখন অগ্রাধিকার নিরূপণের জন্য আরও এক মাস সময় চাইছে। কিন্তু অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য গণতান্ত্রিক, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। ভোটার হালনাগাদ চলছে, অন্যান্য আইনি সংস্কার কাগুজে ব্যাপার। অন্যান্য প্রাতিষ্ঠানিক সংস্কার সময় বেশি লাগার কথা নয়। এ দেশে জুন মাসেও নির্বাচনের ইতিহাস রয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মিয়ার সভাপতিত্বে ও সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলালউদ্দিন। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।