রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপু ইসলাম (৩৫) নামে শ্রমিক লীগের এক নেতাকে সাততলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
নিহত অপু বাড্ডার সাঁতারকুল উত্তরপাড়ার স্থায়ী বাসিন্দা। স্ত্রী শায়লা ও এক ছেলে-মেয়েকে নিয়ে থাকতেন। তিনি বাড্ডা ৪১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস শুকুর জানান, আমরা খবর পেয়ে বাড্ডা সাঁতারকুল এলাকা থেকে মো. অপু ইসলামের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা নিহত স্বজনের কাছে থেকে জানতে পারি শাহাদাৎ নামের এক ব্যক্তি তাকে বাসা থেকে ঠেকে নিয়ে সাততলা ভবন থেকে ফেলে হত্যা করেছে। এই ঘটনায় আমরা ছয়জনকে আটক করেছি । ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের মামা দীন ইসলাম জানান, অপুর বালু ও মাছের ব্যবসা রয়েছে। গতকাল অপুর বাসার পাশে পাইপ দিয়ে ফুলের টবে পানি দেওয়ার সময় শাহাদাৎ নামে এক যুবকের গায়ে পানি পরে। এ নিয়ে দুই জনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে রাতে শাহাদাৎ আমার ভাগিনাকে তার বাসায় নিয়ে ৭ তলা থেকে ফেলে হত্যা করেছে। এই ঘটনায় শাহাদাৎ, হামিদুল, কনেক সরদার, মোর্শেদ, মেহেদী হাসান,ও শাহজাহানকে আটক করেছে পুলিশ।