কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় ষষ্ঠবারের মতো বাড়িয়ে আগামী ৩০ মার্চ পর্যন্ত করা হয়েছে। সোমবার নিবন্ধনের সময় বাড়িয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। আগের নির্বারিত সময় অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের সময় সোমবার শেষ হওয়ার কথা ছিল।
সৌদি আরবে সেবামূল্য কমানোর কারণে চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারিভাবে হজ পালনে খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানোও হয়েছে। কিন্তুু তার পরও কোটা পূরন হচ্ছে না। হজ পোর্টালের তথ্যানুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মোট এক লাখ ১৭ হাজার ৩৪৭ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৮৯২ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৭ হাজার ৪৫৫ জন। এখনো কোটা পূরণে ৯ হাজার ৮৫১ জন হজযাত্রীর নিবন্ধন বাকি আছে।
সময় বাড়ানোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে এবং উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। চলতি বছর হজে যেতে হজযাত্রী নিবন্ধন শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি।